শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন




প্রিমিয়াম কাটা বেআইনি

বীমাদাবির অর্থে নতুন পলিসি নয়: আইডিআরএ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৬:৫০ pm
বীমা বিমা Insurance Development and Regulatory Authority of Bangladesh IDRA বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ idra
file pic

বীমাদাবির মেয়াদোত্তীর্ণ অর্থ, মৃত্যুদাবি কিংবা প্রত্যর্পণ সুবিধা (সারভাইভাল বেনিফিট) প্রদানের ক্ষেত্রে বীমাগ্রহীতা বা নমিনির প্রাপ্য টাকা থেকে কেটে জোরপূর্বক বা সমন্বয়ের মাধ্যমে নতুন পলিসি ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বিদ্যমান আইন লঙ্ঘন করে এবং বীমা গ্রাহকদের স্বার্থহানির পাশাপাশি পুরো বীমা খাতের ক্ষতি সাধন করছে।
সাম্প্রতিক সময়ে কিছু লাইফ বীমাকারী প্রতিষ্ঠান কর্তৃক বীমাগ্রহীতাদের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যুদাবি এবং প্রত্যর্পন সুবিধা প্রদানের ক্ষেত্রে নতুন পলিসি ক্রয়ে বাধ্য করার বা পূর্বের পলিসির প্রাপ্য অর্থ থেকে প্রিমিয়াম সমন্বয় করার অভিযোগ পাওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সার্কুলারে জানানো হয় যে, বিদ্যমান আইন অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ ৯০ দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করতে হবে। বীমাদাবির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয় করার কোনো সুযোগ নেই এবং এটি আইনের স্পষ্ট লঙ্ঘন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো ফি বা টাকা কর্তন না করে পুরো অর্থ সরাসরি বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে।
মেয়াদোত্তীর্ণ বীমাদাবি পরিশোধে নতুন পলিসির ওপর শর্ত ও নিষেধাজ্ঞা:আইন অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে বীমাদাবি পরিশোধ করলে নতুন পলিসি ইস্যু করতে কোনো বাধা থাকবে না। তবে নির্ধারিত ৯০ দিনের পর পরবর্তী ৩০ দিনের মধ্যে (৯১ থেকে ১২০ দিন) পরিশোধ করা হলে, পরিশোধের তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত ওই গ্রাহকের নামে একই কোম্পানি নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না। আর যদি ১২০ দিন বা তার বেশি সময় পর পরিশোধ করা হয়, তবে পরিশোধের তারিখ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে ওই গ্রাহকের নামে একই কোম্পানি নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
আইডিআরএ-এর পরিচালক রকিবুর রহমান খান স্বাক্ষরিত এ সার্কুলারে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনার অনুলিপি জীবন বীমা কর্পোরেশনসহ সকল লাইফ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD