নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগের শিরোপা নিজেদের করে নিয়েছে রংপুর অঞ্চল। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা রংপুর।
বালক বিভাগের ফাইনালে সিলেট ও ময়মনসিংহের মধ্যকার লড়াইটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সিলেট। খেলার ৫৮ মিনিটে দূরপাল্লার শট নিয়ে ময়মনসিংহের রক্ষণে কাঁপন ধরান আরাফাত রাফি। এর ঠিক এক মিনিট পরই মাঝমাঠ থেকে এক অবিশ্বাস্য দূরপাল্লার শটে ডেডলক ভাঙেন আরমান খান জিসান। তার করা এই একমাত্র গোলটিই সিলেটকে এনে দেয় কাঙ্ক্ষিত শিরোপা।
বালিকা বিভাগের ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে ডি বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেওয়া জোড়ালো শট রংপুরের স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। এর ঠিক দুই মিনিট পর কর্নার থেকে হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন কিসকো নিজেই।
বিরতির আগেই ব্যবধান ৩-০ করে ফেলে রংপুর। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান তন্বী, এবং সেখান থেকে তিনি সহজেই বল জালে পাঠান। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। তার করা শেষ গোলটি রংপুরের বড় জয় এবং শিরোপা নিশ্চিত করে।
প্রসঙ্গত, রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।