শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন




ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে বারভিডা কার এক্সপো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:৩১ pm
Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association BARVIDA বারভিডা পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন বারভিডা বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস এসোসিয়েশন
file pic

বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের যাত্রা উদযাপন করতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে বারভিডা কার এক্সপো ২০২৬। তিন দিনের এই এক্সপো চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীতে জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করার সুযোগ পাবেন ক্রেতারা। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির পাঁচ দশকের ইতিহাস নিয়ে বিশেষ আয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) হেড অফিসে বারভিডা কার এক্সপো নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।

তিনি বলেন, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে।

দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখে মডেলভেদে প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। এতে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।
বারভিডা মহাসচিব বলেন, প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশের সড়কে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়ে ওঠা গাড়ির মডেল এবং গাড়ির প্রযুক্তিগত বিবর্তন তুলে ধরা হবে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড প্রযুক্তির গাড়ি পর্যন্ত পাঁচ দশকের পরিবর্তন দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে।

রিয়াজ রহমান বলেন, বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসার সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারের রাজস্ব আয়ের বিষয়ও জড়িত।

তিনি বলেন, বসুন্ধরায় আইসিসিবিতে আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া বারভিডা কার এক্সপো প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য এন্ট্রি ফি ফ্রি করা হয়েছে। তবে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে।

এ প্রদর্শনীর মাধ্যমে রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং জাপানি গাড়ির গুণগত মান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এক্সপোর মাধ্যমে বারভিডা কিছু লক্ষ্য অর্জন করতে চায় জানিয়ে বারভিডা মহাসচিব বলেন, বাংলাদেশের জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা; ক্রেতা ও গাড়ি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা; একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ তৈরি করা; জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা; বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহাসিক অবদান তুলে ধরা; দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদান তুলে ধরার মতো লক্ষ্য অর্জন করতে চায় বারভিডা।

বারভিডা মনে করে, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এই খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক।

কার এক্সপোতে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষকে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে বারভিডা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD