শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন




বিবিসি বাংলা রেডিও

বিবিসি বাংলা রেডিও: শেষ হলো ৮১ বছরের পথচলা বিবিসি বাংলা রেডিও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩ ৮:৫৪ am
BBC News Bangla Bengali language service বিবিসি বাংলা নিউজ
file pic

একটি সাপ্তাহিক নিউজ লেটার দিয়ে বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র পক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল এর যাত্রা। তবে বাংলাদেশের মানুষের কাছে বিবিসি নামটি সবচেয়ে বেশি পরিচিতি পায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়।

সেই জনপ্রিয় রেডিও গতকাল শনিবার রাতে শেষবারের মতো দুটি অধিবেশন সম্প্রচার করে দীর্ঘ ৮১ বছরের পথচলা শেষ করল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত সেপ্টেম্বরেই রেডিওর সম্প্রচার বন্ধের পরিকল্পনা ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় সম্প্রচারিত হয় সংবাদ ও সাময়িক প্রসঙ্গে অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’। অনুষ্ঠানের উপস্থাপনা করেন লন্ডনে মানসী বড়ুয়া ও ঢাকায় আকবর হোসেন।

বিগত আট দশকে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠানমালা এবং ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। রেডিওর চূড়ান্ত সম্প্রসারণ ঘটে ২০০৭ সালের জানুয়ারি মাসে, যখন চতুর্থ একটি দৈনিক অধিবেশন শুরু করা হয়। তার চার বছরের মাথায় সকালের দুটি রেডিও অধিবেশন লন্ডন থেকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং বাংলাদেশে কর্মরত বিবিসি বাংলার সাংবাদিক সংখ্যায় উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের কারণেই বাংলা রেডিও বিভাগটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন, ‘বিবিসি বেশ কিছুদিন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে, এখন এই পরিবর্তনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে।’

তবে জনপ্রিয় এই রেডিওর শ্রোতাদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন বিবিসির ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংবাদ এবং সাময়িক প্রসঙ্গ দেখেন। নতুন এই মাধ্যমে প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয় থাকবে বলেও জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD