বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন




৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তফসিলি ৫০ ব্যাংকের চুক্তি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩ ৯:২১ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নেওয়া ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ চুক্তি হয়। এতে ৫০টি তফসিলি ব্যাংক অংশ নেয়।

অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের গঠিত পুনঃঅর্থায়ন স্কিমসমূহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুনভাবে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ স্কিমে গ্রাহকপর্যায়ে ঋণের সুদের হার হবে ৪ শতাংশ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদনকে সরকার ও বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ কারণে কৃষিখাতে ঋণ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে ব্যাংকসমূহের চাহিদার নিরিখে প্রয়োজনে স্কিমের তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিমের পাশাপাশি চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য কৃষি ও পল্লিঋণ নীতিমালার আওতায় ৩০ হাজার ৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সচেষ্ট হতে হবে।

গভর্নর আরও বলেন, কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে নিত্যপণ্যের আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে। যা দেশের সামষ্টিক অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যঅন্ড সিইও সেলিম আর এফ হোসেন স্কিমটি যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণ চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ ও স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা সই করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD