সাফ চ্যাম্পিয়নশিপে আয়োজক হওয়ার দৌড়ে নামছে বাংলাদেশ। ২০ জুন প্রতিযোগিতা শুরুর দিন ধার্য করে অংশগ্রহণকারী দেশগুলোকে চিঠি দিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ ছাড়াও আয়োজক হওয়ার দৌড়ে আছে নেপাল ও ভারত। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সাফ দপ্তর থেকে জানানো হয়। ২৯ জানুয়ারির মধ্যে আয়োজক হওয়ার আবেদন করতে হবে। তারপরই দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থার সভায় আয়োজক দেশ বেছে নেওয়া হবে। প্রস্তাবিত আসরটি ২০ জুন থেকে ৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘অংশগ্রহণকারী দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে; কাগজপত্র পাঠানো হয়েছে আয়োজক হতে আগ্রহী দেশগুলোতেও। ২৯ জানুয়ারির মধ্যে আয়োজক হওয়ার আবেদন করতে হবে।
তারপর সাফ সভায় আয়োজক বেছে নেওয়া হবে’-বলছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কম্পিটিশনস ম্যানেজার জাবের বিন তাহের আনসারী অংশগ্রহণ ও আয়োজক হওয়া সংক্রান্ত কাগজপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজই আমরা চিঠি পেয়েছি। বাফুফের দায়িত্বশীলরা আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশের একমাত্র ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
এখনও যার সংস্কারকাজ চলছে। আর্জেন্টিনা জাতীয় দলকে ঢাকায় আনার গুঞ্জনের মধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে জুনের আগে ভেন্যু প্রস্তুত করে দেওয়ার কথা বলেছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, জুনের আগেই গুরুত্বপূর্ণ এ ভেন্যুর সংস্কারকাজ শেষ হয়ে যাবে। তাই বাংলাদেশের আয়োজক হওয়ার পথে আপাতত কোনো জটিলতা নেই।
নিকট অতীতে সাফ ফুটবলে ভারত মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ভারত জাতীয় দলই পাঠাবে। কারণ এ প্রতিযোগিতা আয়োজনে একটা তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সময় জাতীয় দলের কার্যক্রম থাকার কথা জানিয়েছে দেশটি। প্রস্তাবিত তারিখে প্রতিযোগিতা আয়োজিত হলে ভারতের জাতীয় দল পাঠাতে কোনো সমস্যা নেই।’
এদিকে প্রস্তাবিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে নেপালকে নিয়ে কিছুটা সংশয় আছে বলে জানা গেছে। যদিও সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের আশাবাদ সবগুলো দেশকেই পাওয়া যাবে, ‘আমরা আশা করছি, প্রস্তাবিত সময়ে সবগুলো দেশই খেলতে সম্মত হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ ২০২০ সালে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পণ্ড হয়ে যায়। ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরের সর্বশেষ সংস্করণ।