রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় পাঁচ কোটি দুই লাখ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের জমিতে ম্যুরালটি নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট, মূল অংশের উচ্চতা ৫০ ফুট। ম্যুরালে ৪০ ফুট চওড়া বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
সীমানাপ্রাচীরের উভয় পাশে ৭০০ ফুটজুড়ে টেরাকোটার কাজ করা হয়েছে। গ্যালারি ও ল্যান্ডস্কেপিং সুপার গ্রানাইট দিয়ে সুসজ্জিত। ম্যুরালে বৈদ্যুতিক বাতিসহ রাতের দৃষ্টিনন্দন আবহ তৈরি করা হয়েছে।
এ বিষয়ে রাসিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ম্যুরালটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম এবং দেশের স্বাধীনতায় প্রশংসনীয় অবদান ও ত্যাগ সম্পর্কে জানতে মানুষকে অনুপ্রাণিত করবে।’
বঙ্গবন্ধুর প্রতিকৃতির একপাশে গ্রাম-বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
গ্যালারি ল্যান্ডস্কেপিংয়ে উন্নত গ্রানাইট দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধন শেষে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দিয়ে নাইট ভিশন করা হবে।
রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম বলেন, ‘এটি দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। এটি নির্মাণ করেছেন আমিরুল ইসলাম। ল্যান্ডস্কেপিং কাজের তত্ত্বাবধানে ছিলেন স্থপতি আবির রহমান। এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে। বাউন্ডারি ওয়ালের দুই পাশে ৭০০ বর্গফুট টেরাকোটার কাজ করা হয়েছে।’
রাসিকের উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার পরাগ বলেন, ‘প্রধানমন্ত্রী ম্যুরালটির উদ্বোধন করবেন। এটি আমার জন্য অনেক গর্বের বিষয়। রাজশাহীতে আরও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, যার সঙ্গে আমি যুক্ত ছিলাম। কিন্তু এই উন্নয়ন প্রকল্পটি ভিন্ন। এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল, যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে, তখন আমার গর্ব হয়। আনন্দে বুক ভরে ওঠে।’