সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন




ই-কমার্সে প্রতারণা রোধে সকলকে সচেতন থাকতে হবে: বাণিজ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৩২ pm
Tipu Munshi Minister of Commerce বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
file pic

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে। ই-কমার্স এর সুবিধা ভোগ করছে বাংলাদেশের মানুষ। ই-কমার্সের পরিধি অনেক বেড়ে গেছে। সাথে সাথে ডিজিটাল প্রতারণাও বৃদ্ধি পেয়েছে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) প্ল্যাটফর্ম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন; ই-কমার্সে প্রতারণা রোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রতারণা রোধে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) প্ল্যাটফর্ম চালু করা হলো। আশা করা হচ্ছে, ই-কমার্সে এর সুফল পাওয়া যাবে।

এ প্ল্যাটফর্মটি ভোক্তা, নিয়ন্ত্রক সমন্বয়ক এবং ই-কমার্স স্টেকহোল্ডারদের মাঝে সেতু হিসেবে কাজ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনাকালে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানুষ ঘরে বসে নিজের প্রয়োজনীয় পণ্য কিনতে পেয়েছেন, এখনও পারছেন। ই-কমার্সের পরিধি এখন অনেক বৃদ্ধি পেয়েছে। ই-কমার্সে মানুষের কেনা-কাটা যাতে নিরাপদ হয় এবং যে কোন অনিয়মের প্রতিকার যাতে সহজেই পাওয়া যায়, সেজন্য সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিসটেম প্ল্যাটফর্ম চালু করা হলো।

স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। সততা ও দক্ষতার সাথে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে একজন ভোক্তা ই-কমার্স সংক্রান্ত যেকোন যৌক্তিক অভিযোগ সহজে উপস্থাপন করে প্রতিকার গ্রহণ করতে পারবেন। প্ল্যাটফর্মটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ই-কমার্স স্টেকহোল্ডার, নথি সিস্টেম এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রক সংস্থার সাথে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার মাধ্যমে পরিচালিত হবে। সিসিএমএস বর্তমানে সবচেয়ে দ্রুত বিকাশমান ই-কমার্স ইন্ডাস্ট্রির গ্রাহকসেবা নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ইকমার্স সেলের প্রধান সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপিচালক এ এইচ এম শফিকুজ্জামান, ই-কমার্স এ্যাসিয়েশনের প্রেসিডেন্ট শমি কায়সার বক্তব্য রাখেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী ভারতের বেঙ্গল চেম্বারের প্রেসিডেন্ট সুবির চক্রবর্তী এর নেতৃত্বে আগত ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মতবিনিময় করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD