শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন




সুপ্রিম কোর্টের ওয়েবসাইট

গুগলে অনুবাদ করে বাংলায় পড়া যাবে ইংরেজি রায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:৪৫ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায় বা আদেশ বাংলায় দেখতে বা পড়তে এক নতুন প্রযুক্তিসেবা সংযোজন করেছেন কোর্ট প্রশাসন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন।

পরে কোর্ট প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সব রায়-আদেশ বাংলা ভাষায় দেখার এক যুগান্তকারী সুযোগ সৃষ্টিতে হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ বাংলায় দেখতে এক প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে। ফলে সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যেকোনও ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। এই জনমুখী প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনও ব্যক্তি ইংরেজি ভাষায় প্রদত্ত যেকোনও রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন।

বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা একদিকে যেমন বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য করে তুলবে, অপরদিকে তেমনই দেশের বিচারপ্রার্থী মানুষের বিচারে অভিগম্যতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধিকন্তু, এই অনুবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ এবং আইন ব্যবস্থার মধ্যে ব্যবধান দূর করতেও ভূমিকা রাখবে।

আজকের এই প্রযুক্তিগত সেবা উদ্বোধনের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইনসহ সুপ্রিম কোর্টের ‘কোর্ট-প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদ, আব্দুল মালেক এবং মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD