বাংলা নববর্ষের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার নির্দেশনা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।
বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের স্বাক্ষরিত এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ১১ই এপ্রিল নববর্ষ উদযাপন নিয়ে একটি নির্দেশনা দেয় মাউশি। সেখানে মাউশির আওতাভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা করার কথা বলা হয়েছিল।
মাউশির নতুন নির্দেশনায় নববর্ষ উদযাপন নিয়ে ১১ এপ্রিলের জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ-১৪৩০ উদ্যাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।