পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে পূবালী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৯৮ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ার হোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৬ জুন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১মে।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পূবালী ব্যাংক। ২০২০ হিসাব বছরেরও জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ার হোল্ডাররা। ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি।