শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন




আগেভাগেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন লিটন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৫:১৭ pm
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

মাত্র একটি ম্যাচ খেলে আইপিএল শেষ হয়ে গেছে লিটন দাসের! শুক্রবার দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে আর কদিন পরই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু জরুরি পারিবারিক কারণে শুক্রবার ভারত ছেড়েছেন বলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে।

কলকাতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির কারণে দেশে ফিরে যেতে হলো লিটনকে। আজ সকালেই ঢাকা গিয়েছেন তিনি। তার জন্য শুভ কামনা থাকবে, এই কঠিন সময়ে পরিবারের পাশে তার দাঁড়ানো জরুরি।’

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে কলকাতার একাদশে প্রথম সুযোগ পান লিটন। আইপিএলে অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি। মাত্র ৪ রান করেন একটি বাউন্ডারিতে। পরে উইকেটকিপিংয়ে ভুলের কারণে ট্রলের শিকার হন সোশ্যাল মিডিয়ায়। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে বাদ পড়েন। ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও একাদশে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশি তারকা।

এক ম্যাচ খেলেই চেন্নাইয়ের বিপক্ষে একাদশে জায়গা হারান লিটন। তার বদলে কিপিং ও ওপেনিংয়ে জায়গা পান নারায়ণ জাগাদিশান। বেঙ্গালুরুর বিপক্ষেও এই ভারতীয় ক্রিকেটার জায়গা ধরে রাখেন। অবশ্য ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ছিলেন লিটন। কিন্তু তাকে ব্যবহার করা হয়নি।

সব মিলিয়ে লিটন পাঁচ ম্যাচ কলকাতার সঙ্গে দলে ছিলেন। এর মধ্যে তৃতীয় ম্যাচে খেলেন তিনি। আগে-পরে দুটি করে ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে।

গত নিলামে প্রথমবার ডাক পাননি লিটন, দ্বিতীয় ডাকে ৫০ লাখ ভিত্তিমূল্যে তাকে কিনে নেয় কলকাতা। একই দলে জায়গা পান সাকিব আল হাসান। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সির কারণ দেখিয়ে আইপিএলে খেলতে ভারতে যাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এখন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD