বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন




ফেসবুক-গুগল-ইউটিউবের ডিজিটাল বিজ্ঞাপনে ১৫% কর কর্তন হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৮:৪৩ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মার্কেটিং এবং বিদেশি রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচার থেকে আয়ের ওপর ১৫ ও ২০ শতাংশ কর কর্তনের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং বিদেশি টেলিভিশন-রেডিওতে প্রচারিত বিজ্ঞাপনের আয় (দেশি প্রতিষ্ঠানের ব্যয়) বিদেশি প্রতিষ্ঠানের কাছে পাঠাতে ২০ শতাংশ কর কেটে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ থেকে সাধারণত গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া হয়।

গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে বরা হয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে, জাতীয় রাজস্ব বোর্ড গত ১৭ এপ্রিল এ বিষয়ে নির্দেশনা দিয়েছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আয়ের ওপর ১৫ শতাংশ এবং রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে ২০ শতাংশ কর কর্তন করতে হবে। চলতি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এই হারে কর কর্তনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড আগে নির্দেশনা দিয়ে থাকলেও ১৭ এপ্রিলের পরিপত্রের পর তা আর প্রযোজ্য হবে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হলে, অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার, প্রচারণা বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে আগামী ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ করহার প্রযোজ্য হবে।

তবে টেলিভিশন বা রেডিওতে প্রচারিত কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না; এসব মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা অ্যাডভার্টিসমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে করহার ২০ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD