শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন




ফুটবলকে বিদায় বলেছেন ইব্রা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জুন, ২০২৩ ১০:৫২ am
Zlatan Ibrahimović Swedish football player ইব্রাহিমোভিচ জ্লাতান ইব্রাহিমোভিচ
file pic

নিজেকে আলাদা ভাবতেন বলেই এতদিন ফুটবলটা খেলে যাচ্ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সব কিছুরই যে শেষ থাকে! এসি মিলানের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ৪১ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার।

মিলানের হয়ে ইব্রার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। একটি মৌসুম চোট জর্জর থাকায় আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। ইতি টানছেন এখানেই।

অবশ্য পরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন একটা ঘোষণা যে আসবে সেটার খবর কেউ জানতো না, ‘পরিবারও জানতো না এমন কিছু ঘটতে যাচ্ছে। আমি চেয়েছি যখন ঘোষণা করবো, সবাই যেন একই সময় তা শুনতে পারে।’

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার ইব্রাহিমোভিচ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হওয়ায় আবার অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন ২০২১ সালে। সুইডেনের হয়ে ১২১ ম্যাচে তার গোল ৬২টি। ক্লাব ফুটবলে তার সর্বোচ্চ গোল পিএসজিতে। ১৮০ ম্যাচে ১৫৬ গোল করেছেন।

১৯৯৯ সালে মালমো এফএফ’র হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও ২০০১ সালে যোগ দেন আয়াক্সে। তার পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে শুরু হয় তার অভিযান। ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), ইন্টার মিলানের পর সর্বশেষ খেলেছেন মিলানে।

অবশ্য গত বছর হাঁটুর অপারেশনে এই মৌসুমে মিলানের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলতে পেরেছেন। হেলাস ভেরোনার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের পর তাকে ঘিরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। ইব্রাকে বিদায় জানাতে ম্যাচের পর ছিল নানা আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে চোখের জল আটকে রাখতে পারছিলেন না তিনি। ভক্তদের উদ্দেশ্যে শুধু বলেছেন, ‘আমি ফুটবল থেকে বিদায় দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে তো নয়।’

মিলানে দুই স্পেলে ১৬৩ ম্যাচে ৯৩ গোল আছে তার। সর্বশেষ ২০২০ সালে ফিরে গত বছর সিরি আ জেতাতেও অবদান রাখেন তিনি। ক্লাবটির হয়ে যা তার দ্বিতীয় লিগ ট্রফি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD