শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন




দেশে প্রথমবারের মতো ট্যুরিস্ট সিম নিয়ে এলো গ্রামীণফোন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ৫:১২ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন জিপি Grameenphone GP
file pic

কাস্টমাইজড বান্ডেল প্যাকে সর্বোচ্চ ৩০ দিনের মেয়াদে কানেক্টিভিটি সেবাসহ থাকছে আরও অনেক সুবিধা

বিদেশি নাগরিক, উদ্যোক্তা, ভ্রমণকারী ও ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণরত সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড ট্যুরিস্ট সিম নিয়ে এসেছে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে গ্রামীণফোন। যার ফলে, স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে এসেছেন তারা রোমিং এর অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন।

১৪ জুন রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগ্রহী ব্যবহারকারীরা তাদের নিজেদের আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে নিবন্ধন করে অনুমোদিত ট্যুরিস্ট সিম ব্যবহার করতে পারবেন। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দিয়ে ট্যুরিস্ট সিম কিনতে পারবেন এবং দেশের যেকোন প্রান্ত থেকে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিনের মেয়াদে গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। সবগুলো ক্ষেত্রেই থাকছে আলাদা ফিচার ও দাম। ৯৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে বেসিক প্যাকের ক্ষেত্রে ব্যবহারকারীরা উপভোগ করবেন ৩০ টাকার টকটাইম, দেশের মধ্যে ১২০ মিনিট ও ৫০টি এসএমএস, ১৫ জিবি বোনাস ডেটা এবং সাথে পাবেন জিপি স্টার সিলভার স্ট্যাটাস। ১৪৯৯ টাকার ১৫ দিনের স্ট্যান্ডার্ড প্যাকে থাকবে ৫০ টাকা টকটাইম, দেশের মধ্যে ২৫০ মিনিট ও ১০০ এসএমএস, ৩০ জিবি বোনাস ডেটা, এবং জিপি স্টার গোল্ড স্ট্যাটাস। এবং ১৯৯৯ টাকার ৩০ দিনের মেয়াদে প্রিমিয়াম প্যাক অফারে থাকবে ১০০ টাকা টকটাইম, দেশের মধ্যে ৪০০ মিনিট ও ১৫০ এসএমএস, ৪০ জিবি বোনাস ডেটা, এবং জিপি স্টার গোল্ড স্ট্যাটাস।

বিভিন্ন পর্যটন কেন্দ্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। কতো মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১#। যেকোন প্রান্ত থেকে দেশের ১ নম্বর নেটওয়ার্ক উপভোগ করার পাশাপাশি, ব্যবহারকারীরা প্রথম দিন থেকেই গ্রামীণফোন জিপিস্টারের লয়্যালটি প্ল্যাটফর্মের লাইফস্টাইল সুবিধাগুলো উপভোগ করবেন।

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; বিশেষ অতিথি বিটিআরসি’র মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার (সিসিএও), হ্যান্স মার্টিন হেনরিক্সন, এবং বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে এমন উদ্যোগের সম্ভাবনার ওপর আলোচনা করেন। বাংলাদেশের সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরে পুথিপাঠ শৈলীতে পালা গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বাংলাদেশে ভ্রমণকারীদের উষ্ণ আতিথেয়তা প্রদানে দেশের লোককথা এবং সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের প্যাকেজিং প্রতিভাবান শিল্পী টাইগার নাজিরের বিশেষ পটচিত্র দিয়ে নকশা করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। ট্যুরিস্ট সিম নম্বরগুলো সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডিঅ্যাক্টিভেট না করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD