শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন




চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:০৩ pm
Tipu Munshi Minister of Commerce বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিপু মুনশি cm
file pic

চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তারা (ব্যবসায়ী) যদি সব কিছু বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। তাই আমাদের ব্যালেন্স করে চলতে হচ্ছে। এর মাঝে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে আমরা চেষ্টা করছি যেন তারা সুযোগটা না নিতে পারে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রংপুর সফরে এসে পীরগাছার কল্যানী ইউনিয়নের অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে বলে।

তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের পারমিট দেওয়া হয়েছে। এটি অবশ্য কৃষি মন্ত্রণালয় দেখে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে। ঈদকে ঘিরে আদাসহ দু-একটি মশলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মশলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে আমাদের নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, আমরা সেদিকে খেয়াল রাখছি। আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে ৫ কেজি করে চাল দিব। এতে করে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবে।

এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী তার বাসভবনে আসলে তাকে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD