ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য একদিন বাড়তি ছুটি দেওয়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, ট্রাফিক ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) ঠিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
মো. মাহবুব হোসেন জানান, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনো পরিবর্তন হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার সিদ্ধান্ত হয়নি।
আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি। এখন এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৪ দিন থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে টানা মোট ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে গত ১৩ জুন বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছিলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি।
পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) কবে উদযাপিত হবে তা জানতে সোমবার (১৯ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকে ঈদের তারিখের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরবি বছর ১৪৪৪ হিজরি সনের ১১তম মাস জিলকদের ২৯তম দিন আজ সোমবার। আর মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২০ জুন)।
গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, সোমবার বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।
আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
প্রসঙ্গত, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল। সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল (বুধবার) ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।