পবিত্র হজ পালনকালে রাজনীতি থেকে দূরে থাকতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের চেয়ারম্যান আবদুল আজিজ আল শেখ। হজকে সামনে রেখে তিনি এক বিবৃতিতে বলেছেন, হজ হলো আল্লাহর পবিত্রতার প্রতি সম্মান দেখানোর একটি অংশ। হজযাত্রী তার হজযাত্রাকে আলিঙ্গন করেন। অন্য হজযাত্রীদের ক্ষতি করে এমন সবকিছু থেকে দূরে থাকুন।
মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরে রাখুন। বিবাদ বা তর্ক থেকে দূরে থাকুন। এসব বিরক্তি ও ঘৃণার পর্যায়ে নিয়ে যায়। বিরত থাকুন চিৎকার ও রাজনৈতিক স্লোগান থেকে। এই হজ হলো প্রার্থনা ও উপাসনার স্থান।
এ খবর দিয়ে অনলাইন সৌদি গেজেট বলছে, আন্তরিকতার সঙ্গে পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল আজিজ আল শেখ। অনুসরণ করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নত ও আহ্বান জানিয়েছেন আল্লাহর গুনগান করতে।
আল শেখ বলেন, ইসলাম হিসেবে এই মহান ধর্ম আমাদেরকে দান করার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। ব্যাপক সুবিধা এবং সেবা দানকারী এই আশীর্বাদপুষ্ট দেশ সৌদি আরবে ছুটে আসেন হজযাত্রীরা। আল্লাহ এর গৌরব এবং সফলতাকে সাফল্যমণ্ডিত করুন। গ্রান্ড মুফতি হজযাত্রীদেরকে তিনটি বিষয় কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রথমত, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজযাত্রীদের হজ পালন করতে হবে। দ্বিতীয়ত, মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথে পালন করতে হবে হজ। তৃতীয়ত, আল্লাহর পবিত্রতার প্রতি সম্মান দেখাতে হবে এ সময়ে।