শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন




তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৯:৫২ am
Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week
file pic

নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

সোমবার আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এছাড়া নিয়মিত এ ধরনের ঘটনা মনিটরিং করার জন্য একটি স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে। ওই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিটি বিভাগের অধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ ই-গভ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের পলক বলেন, ডিএসএ-এর মহাপরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করেছি, যেখানে সার্ট এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা থাকবেন। সাত কার্যদিবসের মধ্যে তারা এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন জমা দেবে। কী পরিমাণ তথ্য ফাঁস হলো, কীভাবে হলো, এর ঝুঁকি কতখানি-এসব বিষয় সেই প্রতিবেদনে উঠে আসবে। তিনি বলেন, প্রতিবেদনে যদি দেখা যায়, এর জন্য কোনো ব্যক্তি দায়ী বা সংশ্লিষ্ট সংস্থার ন্যূনতম যে কার্যবিধি পূরণ করার কথা ছিল; কিন্তু করা হয়নি, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যারা এ ধরনের ঘটনা প্রতিরোধে অথবা ঘটনা ঘটলে যেন বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত তথ্যের আদান-প্রদান করা যায়, সেজন্য নিয়মিত কাজ করবেন। সেখানেই সার্ট, ডিএসএসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে ২৯টি পরিকাঠামো থেকে প্রতিনিধিরা থাকবেন।

এদিকে আরও তিনটি পরিকাঠামো ঝুঁকিপূর্ণ আছে উল্লেখ করে পলক বলেন, আমরা দেখেছি, আরও তিনটি পরিকাঠামোয় দুর্বলতা রয়েছে। সেগুলোকে নিরাপদ করতে এখন কাজ করা হচ্ছে। দেশে প্রায় ৫২ হাজার সরকারি ওয়েবসাইট আছে, তবে এগুলোর মধ্যে ২৯টি পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বাংলাদেশের ৫ কোটিরও বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে, গুগলে সার্চ করলেই যে কেউ ওয়েবসাইটটিতে ঢুকে ৫ কোটি নাগরিকের নাম, জন্মতারিখ ও এনআইডি নম্বর দেখতে পারছেন। সম্প্রতি এটি দেখতে পান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। বিটক্র্যাক সাইবার সিকিউরিটি দক্ষিণ আফ্রিকার একটি কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা। তার বরাতে বিষয়টি সামনে নিয়ে আসে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ। এরপরই টনক নড়ে সরকারের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD