বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে দেখা হওয়া নিয়ে যা বললো অপু বিশ্বাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৪:৪৫ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস
file pic

সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে দেশ-বিদেশে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে, তখন সন্তানসহ শাকিব-অপুর প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে বেশ আলোচনা চলছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব খান বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তাঁর ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে। পেছনের আসনে বসা তাঁদের সন্তান আব্রাহাম খান জয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি খাবারের দোকান থেকে ছেলের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান, পেছনে অপু বিশ্বাস।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক ছাদের নিচে ফিরছেন। এই ভিডিওগুলো অনেক ভক্তেরই প্রশ্ন, তাহলে বেশ কিছুদিন ধরে চলে আসা গুঞ্জনই এবার সত্যি হতে চলছে? শাকিব-অপু কি আবার এক হচ্ছেন?
এ ব্যাপারে জানতে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে। শুরুতেই প্রশ্ন শুনে হাসলেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে এই অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।’

কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে শাকিব খান নিজেই আপনাকে ও জয়কে রিসিভ করেছেন। সত্যি কী, এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘না, এটি সত্যি নয়। আমি যাঁদের আমন্ত্রণে এখানে অনুষ্ঠানে অংশ নিতে এসেছি, তাঁরা আমাকে রিসিভ করেছেন।’

তাহলে শাকিব খানের সঙ্গে কখন দেখা হলো, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি। ব্যাপারটা এই তো।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-অপুর ঘোরাঘুরির ভিডিওর নিচে তাঁদের ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন। সেলিম আলদীন নামের এক ভক্ত লিখেছেন, ‘ছেলের জন্য এক হতেই পারে। কারণ, ছেলে এখনো ছোট। তার মানে এই না যে তারা সংসার করছে। আজব পাবলিক।’

রফিকুল ইসলাম নামের আরেকজন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমরাও চাই শাকিব-অপু আবার এক হোক।’

রাজ নামের অন্য একজন লিখেছেন, ‘আবার সেই লুকোচুরি খেলা কেন? পাবলিককে সব ক্লিয়ার করে সংসার করলেই তো হয়। লুকোচুরি করতে হবে কেন?’

ভক্তদের এসব মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘গতকাল বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।’

কিন্তু ভিডিওর নিচে অনেক ভক্তই তো আপনাদের দুজনকে আবার এক দেখতে চাইছেন। তাহলে ভক্তদের এমন চাওয়াকে কতটা গুরুত্ব দিচ্ছেন? প্রশ্ন শুনে অপু বিশ্বাস আবারও হাসেন। বলেন, ‘দেখুন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়।’

শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে আসছিলেন। এমন খবরও রটেছে, সন্তানকে নিয়ে শাকিবের বাসায় যাতায়াত করেন অপু বিশ্বাস। শাকিবের বাবা-মায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির লুক নিয়ে, সিনেমা নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অপু বিশ্বাসকে। আবার অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’ নিয়েও শাকিব খান তাঁর ফেসবুক পেজে প্রচার চালিয়েছেন।

‘লাল শাড়ি’ ছবির জন্য শাকিব খানের স্ট্যাটাস দেখে অনেকটাই আবেগপ্রবণ হওয়ার কথাও বলেছেন অপু বিশ্বাস।

ঢালিউডের এই নায়িকা বলেন, ‘ভক্ত-দর্শকদের “লাল শাড়ি” ছবিটি হলে গিয়ে দেখার আহ্বান করে শাকিব তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দেখে আমি সত্যিই আবেগপ্রবণ হয়েছিলাম। কারণ, আমি কখনোই এটি আশা করিনি। শাকিবের স্ট্যাটাসটি যখন দেখলাম, অনেকক্ষণ চুপ করে ছিলাম।’ ২৬ জুলাই অপু বিশ্বাসের দেশে ফেরার কথা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD