শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন




এশিয়া কাপের আগে ফিটনেস পরীক্ষার চ্যালেঞ্জে ক্রিকেটাররা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৪:৫২ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের। ৩২ জন ক্রিকেটার নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ ক্যাম্প। অনেককেই বাজিয়ে দেখতে ক্রিকেটারদের সংখ্যা বেশি রাখা হচ্ছে। আর এই ক্যাম্প থেকেই চূড়ান্ত করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল। আগস্টের প্রথম সপ্তাহেই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প, ফিটনেস টেস্ট, দল ঘোষণাসহ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক। শুরুতেই ফিটনেস ক্যাম্প হবে, ৩ আগস্ট হবে ইয়ো ইয়ো টেস্ট (ফিটনেস পরীক্ষা)। এই টেস্টের ফলের ওপর এশিয়া কাপের প্রাথমিক দল বাছাইয়ের অনেক কিছুই নির্ভর করবে।

মিনহাজুল আবেদীন বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল অনুশীলন শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল অনুশীলন করবে এশিয়া কাপের জন্য।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে ছুটিতে ক্রিকেটাররা, নেই ঘরোয়া ক্রিকেটও। কয়েকজন ক্রিকেটার বিদেশি লিগ খেলছেন, তবে ছুটিতে থাকা ক্রিকেটারের সংখ্যাই বেশি। এ কারণে ক্রিকেটারদের ফিটনেস নিয়েই টিম ম্যানেজমেন্ট বেশি ভাবছে বলে জানান প্রধান নির্বাচক। তার ভাষায়, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেক দিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাই, কে কেমন আছে।’

কোমরের চোটের চিকিৎসা করাতে লন্ডনে আছেন তামিম ইকবাল। দুই দিনে দুটি ব্যথানাশক ইনজেকশন নিতে হয়েছে অভিজ্ঞ এই ওপেনারকে। এশিয়া কাপ দিয়ে তামিমের ফেরার কথা থাকায় তার ফিটনেসও দেখতে চান নির্বাচকরা, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনও আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

সোমবার ক্যাম্প শুরু হলেও সব ক্রিকেটার যোগ দিচ্ছেন না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় আছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। এই লিগে খেলা সাকিব আল হাসান এখন খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগ। শরিফুল ইসলাম ইতোমধ্যে শ্রীলঙ্কা গেছেন, যাবেন তাওহিদ হৃদয়ও। এ ছাড়া জিম্বা-আফ্রো লিগ খেলা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ কয়েকদিনের বিশ্রাম শেষে ক্যাম্পে যোগ দেবেন।

বেশ কয়েকজন ক্রিকেটারকে না পেলেও আপত্তি নেই প্রধান নির্বাচকের, বরং তার মুখে গর্বের কথা, ‘পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়। বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD