সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন




৩০০ কোটি টাকার নিচে ডিএসইর লেনদেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৪:৫৩ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

টানা তিন কর্মদিবস দরপতনের পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। বস্ত্র, বিমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট।

এদিন আট কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের। তবে সূচকের উত্থানের দিনে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৯৯ কোটি টাকা। যা গত চার মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্নন। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৫ লাখ টাকা।

এর ফলে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস রোববার, সোমবার এবং বুধবার দরপতনের পর আজ বৃহস্পতিবার উত্থান হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগের ফলে আজ বাজার ঘুরে দাঁড়িয়েছে।

বাজারের দরপতন রোধে বৃহস্পতিবার সকালে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের নিয়ে বৈঠক করে বিএসইসি। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএসইসি।

ডিএসইর তথ্যমতে, আজ বাজারে ৩২১টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৭৬৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ দশমিক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল টিউলিপ সি পার্লের শেয়ার।

এর পরের তালিকায় যথাক্রমে ছিল-সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, দেশবন্ধু পলিমার, বসুন্ধরা সুকুক, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড এবং সোনালী পেপার লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬৬৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD