শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন




মেসি-ডি ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা হালান্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪২ am
Erling Haaland Norwegian footballer হালান্ড আরলিং হোলান আরলিং ব্রাউত হোলান নরওয়েজীয় Erling Haaland নরওয়েজীয়
file pic

প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন আর্লিং হালান্ড। সঙ্গে ছিলেন তার ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসি। এই দুজনকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন হালান্ড।

নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেয়েছেন ২২ বছরের হালান্ড। বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

ম্যানচেস্টার সিটি সতীর্থ ডি ব্রুইনা এবং আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী মেসিকে পেছনে ফেলে হালান্ড উয়েফার বর্ষসেরার পুরস্কার জিততে পারেন, সেটা অনুমান করা যাচ্ছিল আগেই।

২০২২-২৩ মৌসুমটা যে রীতিমত স্বপ্নময় ছিল হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড।

মোনাকোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালান্ড বলেন, ‘আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।’

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী ছিলেন ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ সিমোনে ইনজাঘি ও নাপোলিকে ৩৩ বছর পর সিরি’আ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন।

নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান।

এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD