গাজা উপত্যকায় সাংবাদিকদের টার্গেট কিলিংয়ের ঘটনায় শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
নিরপরাধ সাংবাদিকদের প্রায়শই টার্গেট করা হচ্ছে এবং ৭ অক্টোবর থেকে অন্তত ২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
ডিকাবের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এক বিবৃতিতে গাজা উপত্যকায় নিরীহ সাংবাদিকদের টার্গেট করে হত্যার নিন্দা জানিয়ে বলেন, এটি তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি।
তারা বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হত্যা একটি জঘন্য অপরাধ ও কাপুরুষোচিত কাজ। গাজায় নিরপরাধ সাংবাদিক হত্যার বিরুদ্ধে বিশ্বকে এখন সোচ্চার হতে হবে।
ডিকাব জাতিসংঘের ব্যবস্থায় এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
নিরপরাধ সাংবাদিকদের হত্যা থেকে বিরত থাকার জন্য সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ডিকাব।
মূল্যবান জীবন হারানো সাংবাদিকদের জন্য গভীর শোক প্রকাশ করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ডিকাব নেতারা।