শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন




তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ছাড়লেন পিটার হাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৪৮ pm
ওয়াশিংটন US Ambassador Peter D. Haas United States Ambassador মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

তফসিল ঘোষণার পরদিনই অর্থাৎ আজ বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে দেশটি কয়েক মাস ধরে বেশ তৎপর থাকায় ভোটের তফসিল ঘোষণার পরদিনই তার ঢাকা ত্যাগ নিয়ে কথা হচ্ছে নানা মহলে।

সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে সংলাপের তাগিদ দিয়ে আসছে। এমন নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি।

কূটনৈতিক একটি সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত পরামর্শমূলক কাজে ওয়াশিংটন যেতে পারেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির কাছে রাষ্ট্রদূত হাসের গন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি জবাব দেওয়া থেকে বিরত থাকেন।

রাষ্ট্রদূতেরা কর্মস্থল ত্যাগের আগে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের গন্তব্যের কথা জানিয়ে যান। কূটনৈতিক শিষ্টাচার মেনে স্বাগতিক দেশ এসব তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকে।

রাষ্ট্রদূত হাস কোথায় গেছেন, এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাস কোথায় গেছেন, সরকার তা জানে। কিন্তু এ তথ্য প্রকাশ করা হবে না।

সেহেলী সাবরীন বলেন, বিদেশি রাষ্ট্রদূতেরা ঢাকা ত্যাগ করলে কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে যান, কোথায় যাচ্ছেন। একইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূতেরাও কর্মস্থল ত্যাগের আগে স্বাগতিক দেশের সরকারকে গন্তব্যের কথা জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD