দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশী পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। নির্দিষ্ট সময়ে প্রত্যাশা অনুযায়ী দেশীয় পর্যবেক্ষক সংস্থার না করায় আবেদন না করায় সময় বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।
এ সময়ে যেসকল স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ রোববার অফিস সময় বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন। পর্যবেক্ষক আবেদন দাখিল সংক্রান্ত পর্বের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন চেয়ে আবেদনের সময় নির্ধারিত ছিল। এ সময়ের মধ্যে প্রায় ৫০ টি সংস্থা আবেদন করেছে। বর্তমানে নির্বাচন নিবন্ধিত ৬৭টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে। আরো ২৯টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।
পর্যবেক্ষণের জন্য আবেদন করা উল্লেখযোগ্য সংস্থাগুলো হচ্ছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), হাইলাইট ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ভয়েস। ।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।