শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন




পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নীরিক্ষায় চমকপ্রদ তথ্য বের হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:২৬ pm
BSEC Chairman Shibli Rubayat-Ul-Islam বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock shibly2.jfif
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে অডিটের পাশাপাশি বিরতণকৃত লভ্যাংশ বা ডিভিডেন্ট সঠিকভাবে বণ্টন করা হয়েছে কিনা খাতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষ নীরিক্ষার মাধ্যমে চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আবদুল হালিম, ড. রুমানা ইসলাম, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, রেজাউল করিম, সিএমজেএফের বিদায় সভাপতি জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের মাধ্যমে অর্থনীতিতে অবদান বাড়াতে সিএমজেএফের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করবে বিএসইসি। লোকবলের অভাব থাকার পরও নিয়মিত বিভিন্ন কোম্পানিগুলোতে অডিট কার্যক্রম চালানোর কথা জানান তিনি। বলেন, গেল তিন দশকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ঘোষিত লভ্যাংশ ঠিকভাবে বিতরণ করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যেকোনো অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা আপনাদের সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি। সিএমজেএফের কাজকে কীভাবে আরও উন্নত করা যায় সেগুলোর ব্যাপারে যে কোনো সহযোগিতার দরকার হলে আমরা তা করতে চেষ্টা করবো। আপনারা অনুসন্ধানী হলে আমাদেরই লাভ।

বিএসইসিতে সাংবাদিক প্রবেশাধিকারে বাধার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, অন্যান্য দেশের সিকিউরিটিজ এক্সচেঞ্জে কেউ ঢুকতে পারে কিনা দেখবেন। আমরা কমিশন আসার পর থেকেই আপনাদেরকে (সাংবাদিক) আমাদের চোখ, কান ও নাক হিসেবে দেখি। আপনাদের বন্ধু ভাবি আমরা। আপনারা যেন ভালো করতে পারেন এগুলো আমরা সব দেখছি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, কোনো বিষয়ের উদ্বেগ হলে প্রেস রিলিজের মাধ্যমে বিএসইসি জানিয়ে দেয়। তারপর ফেসবুক পেজে আমরা তাৎক্ষণিক সবকিছু জানিয়ে দিই৷ আমরা ডিজিটালাইজেশনে অনেক জোর দিয়েছি।

এছাড়া আমরা আরও অনেক ধরনের কাজ করছি। চেষ্টা করবেন তথ্যগুলো এমনভাবে প্রকাশ করবেন যেন মার্কেটটাকে স্টেবল রাখতে পারে। মার্কেট যেন পজিটিভ রাখে। মার্কেটের ওপর প্রভাব ফেলে এমন কিছু করবেন না।

বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, সিএমজেএফের সাথে আমাদের সম্পর্ক অনেক গাঢ় ও বন্ধুত্বপূর্ণ। সিএমজেএফ আজকের যে অবস্থা এতে বিএসইসির ভূমিকা রয়েছে। আমরা সব সময় সিএমজেএফের প্লাটফর্মের জন্য কাজ করেছি।

তিনি বলেন, আমরা চাই গঠনমূলক সাংবাদিকতা। আমরা এমন কোনো নিউজ করবো না যেটাতে পুঁজিবাজারের ক্ষতি হয়। ৭৮টা কোম্পানি যে জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে এটা একটা গুজব। এটা আসলেই যাচ্ছে কিনা এটা জেনেশুনে নিউজ করতে হবে। আপনাদের লেখনি যেন বিবেচনা প্রসূত হয় এগুলো খেয়াল রাখতে হবে। একটা নিউজ পেলেই করে দিলাম এতে মার্কেটের ওপর কী প্রভাব পড়বে এগুলো খেয়াল রাখতে হবে। সমালোচনা অবশ্যই হবে তবে সেটা যেন অবশ্যই গঠনমূলক ও বাস্তবিক হয়। আপনাদের লেখনির ধার অনেক বেশি। সেটা যেন মানুষের কষ্টের কারণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

সিএমজেএফের বিদায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, সিএমজেএফে ইন্টারনাল অডিট হয়। এর মাধ্যমে আমরা গুড গভর্নেন্স পালন করে থাকি। সিএমজেএফের কাজ হলো কীভাবে সাংবাদিকদের আরও ভালো প্রশিক্ষণ দেয়া যায় তা নিশ্চিত করা। সিএমজেএফ নানামুখী প্রশিক্ষণ দিচ্ছে সাংবাদিকদের। তথ্যের অবাধ প্রবাহ কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে বিএসইসিকে আমরা আরও পাশে চাই। আমাদের সদস্যদের যেন বিএসইসিতে এক্সেস আরও ভালো হয় এটাও অনুরোধ করবো।

সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, সঠিক নিউজের জন্য প্রয়োজন সঠিক তথ্য। সাংবাদিকরা বলেছেন আমরা বিএসইসিতে প্রবেশ করতে পারছি না। আমরা সাংবাদিকরা যেন নির্বিঘ্নে বিএসইসি প্রবেশ করতে পারি এই সহযোগিতা চাই। তিনি বলেন, কমিশনে প্রবেশ করে কেউ যেন তথ্য পেতে বাধা না পায় এ বিষয়ে আমরা সহযোগিতা চাই। কেউ তথ্য দিতে না চাইলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার অবাধ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD