সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন




পাপনের হুঁশিয়ারি, শাস্তি পেতে পারে হাথুরুসিংহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:১৪ pm
Najmul Huq Papon president Bangladesh Cricket Board BCB member of parliament নাজমুল হাসান পাপন সংসদ সদস্য এমপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি
file pic

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সার্বিক মান ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার এমন প্রতিক্রিয়ায় ক্ষেপেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বোর্ডের নিয়মানুযায়ী কোড অব কন্ডাক্ট ভঙ্গ হলে কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তোলেন এভাবে, ‘বাংলাদেশে উপযুক্ত কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটা শুনতে খুবই অস্বাভাবিক লাগবে। কিন্তু আমি যখন বিপিএল দেখি, অনেক সময় টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো ওই মানের মধ্যেই পড়ে না।’

জাতীয় দলের কোচ হয়ে বিপিএল নিয়ে এমন অযাচিত মন্তব্য করতে পারেন কিনা হাথুরুসিংহে, এ প্রসঙ্গে জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেন, “একজন বিদেশি কোচ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত। গঠনমূলক সমালোচনা গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে হতে পারে। কিন্তু বিসিবিতে চাকরি করে এবং একজন বিদেশি কোচ হয়ে কেউ বলবে, ‘বিপিএলের এত বাজে অবস্থা যে টিভি বন্ধ করে দিচ্ছি’, এটা তার কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে কিনা দেখতে হবে।”

বোর্ড সভাপতি যোগ করেছেন, ‘এখন পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখিনি। তবে এটা স্পষ্ট যে, একটি টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, তাও পূর্ব অনুমতি এবং কোনও ধরনের ক্ষমতা ছাড়া। বিশেষ করে কোচ, নির্বাচক কিংবা খেলোয়াড়ের মতো পদে যারা আছেন, তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে যে, তারা মিডিয়ায় কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

যদিও পুরো বিষয়টি না জেনে হাথুরুসিংহের ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে চান না বোর্ডপ্রধান। তবে কোচ নিয়ম ভঙ্গ করলে অবশ্যই শাস্তি পেতে হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘প্রথমে দেখতে হবে সে (হাথুরুসিংহে) কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, সে কোনও জায়গায় এমন কিছু বলেছে কিনা যা ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড়, বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা নেতিবাচক বার্তা বহন করে। সেক্ষেত্রে অবশ্যই তাকে জিজ্ঞাসার আওতায় আনা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

তবে তার আগে সবকিছু জানতে চান বোর্ড সভাপতি, ‘প্রথমে আমার জানতে হবে আপনারা যেটা বলেছেন, সেই বিষয়ে কোচ মূলত কী বলেছে। সেটা যদি না জানি তাহলে মন্তব্য করা কঠিন। এ বিষয়ে কথা বলতে এখনই আবারও বিসিবিতে যাচ্ছি। শুধু ঘটনাটা জেনেই চলে এসেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, মন্তব্য করার আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা। যদি অনুমতি নেওয়া হয়ে থাকে তবে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে, সেই প্রশ্ন এসে যায়। এ বিষয়গুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই বিষয়টি জানতে যাচ্ছি। এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারবো।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD