শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন




বাজার স্বাভাবিক রাখতে সহযোগিতা চায় এফবিসিসিআই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ১:১৫ am
Federation of Bangladesh Chambers of Commerce & Industries বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই FBCCI এফবিসিসিআই22
file pic

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার বিকেলে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুত, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি’ বিষয়ক মতবিনিময় সভায় এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী এ কথা উল্লেখ করেন। এফবিসিসিআইর উদ্যোগে বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ সুপার মার্কেট (উঃ) ডি-ব্লক দোকান মালিক সমিতি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নিউ সুপার মার্কেট (উঃ) ডি-ব্লক দোকান মালিক সমিতির সভাপতি আতিক উল্যাহ।

মতবিনিময় সভায় মো. আমিন হেলালী বলেন, ভোক্তার ভোগান্তি ও ব্যবসায়ীদের যাতে খারাপ অপবাদ না হয় সেজন্য এফবিসিসিআই কাজ করছে। তবে শুধু ভোক্তা কিংবা শুধু ব্যবসায়ীদের পক্ষে একতরফাভাবে সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি।

ভোক্তাদের কথা বিবেচনা করে ও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী ঈদ পর্যন্ত এফবিসিসিআই নিয়মিত রাজধানীর বিভিন্ন মার্কেট মনিটরিং ও সতর্কতামূলক সভা চালাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এফবিসিসিআইর অধীন সকল ব্যবসায়ী যাতে ট্রেড লাইসেন্সসহ যাবতীয় নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালনা করে, সেদিকে আমরা আগাচ্ছি। একদিনে হয়ত সব সমস্যা সমাধান হবে না। কিন্তু এফবিসিসিআই এ ব্যাপারে কাজ করছে। ভোক্তা কিংবা ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রদান করা হবে।

অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে মো. আমিন হেলালী বলেন, শুধু ব্যবসায়ী নয়, সব ক্ষেত্রেই দুষ্কৃতকারী রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করলে সরকারের কাছে তাদের নাম পরিচয় প্রকাশ করে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন মো. আমিন হেলালী।

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেন ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ।

সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, শহিদুল হক মোল্লা, কাওসার আহমেদ, নিয়াজ আলী চিশতী, সৈয়দ মো. বখতিয়ার, হাজী মো. আবুল হাসেমসহ নিউ সুপার মার্কেট (উঃ) ডি-ব্লক দোকান মালিক সমিতি ও বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD