ছোট্ট একটি উড়োজাহাজ বারবার চক্কর দিচ্ছিল সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি থাকা এমভি আব্দুল্লাহ জাহাজের চারপাশে।
তখন ২৩ নাবিকের সবাই এলেন জাহাজের ডেকে। হাত তুলে এক ভিডিও বার্তায় কথা বলেন তারা সবাই। ২৩ জন অক্ষত ও নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মালিকপক্ষ মুক্তিপণের টাকা প্রদান করতে সম্মতি দেয়। এরপর ছোট্ট সেই উড়োজাহাজটি তিনটি চক্কর দেয় জাহাজের এক পাশে।
প্রতিটি চক্করে সাদা পানি নিরোধক ট্যাপে মোড়ানো ডলার ভর্তি ব্যাগ ফেলা হয় ওপর থেকে। দুটি স্পিড বোটে থাকা ৭ জন জলদস্যু এই তিনটি ব্যাগ সাগর থেকে তুলে নেয়। তারা ব্যাগ বুঝে পাওয়ার পর উড়োজাহাজটি চলে যায়। এর প্রায় আট ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত তিনটায় জাহাজসহ ২৩ নাবিককে মুক্তি দেয় জলদস্যুরা।
১৪ বছর আগে জলদস্যুদের কবলে পড়া এমভি জাহান মণি জাহাজের ক্ষেত্রে ডলারভর্তি দুটি ব্যাগ উড়োজাহাজ থেকে ফেলা হয়েছিল। কিন্তু এমভি আব্দুল্লাহর ক্ষেত্রে ব্যাগ ছিল তিনটি। বিষয়টি নিয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। তিনি শুধু বলেন, ‘কোড অব কন্ট্রাক্টের কারণে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। নাবিকসহ জাহাজটি মুক্ত হয়েছে এটাই আমাদের বড় স্বস্তির জায়গা। মুক্তিপণ বিষয়ে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না।’
সমঝোতার প্রক্রিয়ায় থাকা কেএসআরএম গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পাঁচ মিলিয়ন ডলারের চেয়ে বেশি হবে মুক্তিপণ। তবে আরেক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি সঠিক নয়। এমভি জাহান মণির চেয়ে অনেক কম মুক্তিপণে (চার মিলিয়ন ডলারের চেয়ে কম) জাহাজটি ছেড়ে দিয়েছে দস্যুরা।’
নাবিকদের স্বার্থ সংরক্ষণকারী সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জিম্মি ঘটনার শুরু থেকে খোঁজখবর রাখছিলেন। তিনি বলেন, ‘মুক্তিপণ কত তা কেবল জলদস্যু, বিমা প্রতিষ্ঠান ও জাহাজ মালিকরা জানেন। তারা যদি এটা গোপন রাখেন সঠিক তথ্য কেউ পাবেন না। কৌশলগত কারণে এটা প্রকাশ করে না তারা। ১৪ বছর আগে মুক্তিপণ দিয়ে মুক্ত হওয়া এমভি জাহান মনির টাকার অঙ্ক এখনো জানি না আমরা’। তিনি আরও জানান, এটি গোপন রাখার ব্যাপারে বিমা কোম্পানি জাহাজের মালিকপক্ষকে শর্ত দিয়ে রাখে। এটি কখনোই স্বীকার করবে না কোনো পক্ষ। তবে ঘটনা কিন্তু সত্য।