রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন




ব্যাংক থেকে ১০০ কোটি টাকা তুলে সিঙ্গাপুরে বেনজীর!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৫:১৮ pm
Benazir Ahmed Former Inspector General of Bangladesh Police benazir আইজিপি বেনজীর পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি ড. বেনজীর আহমেদ IGP Inspector General of Bangladesh Police পুলিশের মহাপরিদর্শক আইজিপি
file pic

দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে। তিনিসহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলবও করেছে। কিন্তু এরই মধ্যে স্ত্রীসহ চলে গেছেন সিঙ্গাপুরে।

৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইনেসের একটি ফ্লাইটে করে তিনি দেশত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল সম্পদ ও তার দুর্নীতির তদন্তকে ঘিরে একের পর এক নতুন তথ্য আসছে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষেতে আদালত তার নিজের ও পরিবারের সদস্যদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন। তবে চতুন বেনজীর তার আগেই নাকি বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় সব টাকা তুলে নিয়েছেন। তার কোনো একাউন্টেই এখন উল্লেখ করার মতো টাকা নেই। খোদ দুদক এমন তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. জহুরুল হক গণমাধ্যমকে বলেছেন, তারা জানতে পেরেছেন-হিসাব ফ্রিজ করার আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে কত টাকা তুলে নিয়েছেন সে সম্পর্কিত প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, অনুসন্ধান কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তারপর প্রকৃত হিসাব বলা যাবে।

এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ইনডিপেনডেন্ট টেলিভিশনে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদ গত একমাসে তার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়েছেন। মূলত ৫০টি মেয়াদী আমানত (এফডিআর) থেকে এ টাকা তুলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুদক কমিশনার মো. জহুরুল হক গণমাধ্যমকে বলেছেন, সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে। হিসাব ফ্রিজের তথ্য হয়ত আগেই টের পেয়েছিলেন তিনি। বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, দুই মেয়ে ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এসএনডি আমানত হিসাব। কিছু ঋণ হিসাবও আছে। অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার, করা হচ্ছে। ইতোমধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। আমরা জানতে পেরেছি, হিসাব ফ্রিজ করার আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। কতটুকু নিয়েছে, তা অনুসন্ধান কর্মকর্তারা খতিয়ে দেখবেন।

তিনি বলেন, অনুসন্ধান কর্মকর্তা আইন-বিধি অনুসারে কাজ করছেন। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আমাদের টিম কাজ করছে। অল্প সময়ে আমরা অনেক এগিয়েছি।

বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট, কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজের নির্দেশনা দিয়ে ২৩ ও ২৬ মে আদালত থেকে আদেশ দেওয়া হয়। এরই ধারবাহিকতায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করা শুরু হয়।

গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে গত ২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

দুদক গত ২২ এপ্রিল বেনজীর, তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদীন।

সপরিবারে সিঙ্গাপুরে বেনজীর

সূত্র জানায়, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন।

নাম প্রকাশ না করে বেনজীর আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করাসহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত।

জানা গেছে, আগামী ৬ জুন বেনজীর আহমেদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। আর ৯ জুন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজীর আহমেদ, তার স্ত্রী, তিন মেয়ে ও এক স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই দিন বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

তাছাড়া বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার নামে থাকা মাদারীপুরে ২৭৬ বিঘা (৯১ একর) জমি এবং বেনজীরের পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন আদালত।

বেনজীর পরিবারের নামে থাকা ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD