বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন




লড়াকু নেপালকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৯:৪৪ pm
Kabaddi Sports Sport কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা
file pic

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। তিনটি লোনাসহ নেপালকে ৪৬-৩১ পয়েন্ট হারায় স্বাগতিকরা। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।

হারলেও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে ম্যাচে একটি লোনা তুলে নেয় নেপাল। যা এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কোনও দলের প্রথম লোনা প্রাপ্তি। খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে আজ একাই দলকে ২০টি পয়েন্ট এনে দেন তিনি।

আজ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ ও নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ পয়েন্ট তুলে নেয় তো পরেরবার নেপাল। এভাবে এগিয়ে চলে দুই দলের গ্রুপপর্বের শেষ ম্যাচ। তবে বিরতির পর থেকে আর নেপাল সেভাবে লড়াই করতে পারেনি।

বাংলাদেশের ম্যাচ দেখতে এদিন দর্শকদের পদচারণায় মুখর ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশের পয়েন্ট অর্জনে করতালি দিয়ে স্বাগত জানান লাল-সবুজের সমর্থকরা। খেলার প্রথমার্ধে চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে রেইডার মিজান বলেছেন, ‘আজ নেপালের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই দারুণ গোছানো ছিল। দলকে জেতাতে পেরে আমি খুশি। জয়ের এই ধারা সেমিফাইনালেও অব্যাহত থাকবে।’

সেমিফাইনালে বাংলাদেশ বি গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে এবং দ্বিতীয় অবস্থানে থাকা দল নেপালের মুখোমুখি হবে। শনিবার বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ চূড়ান্ত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD