রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন




সরকারি জমি দখল করে আবেদ আলীর ডেইরি ফার্ম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ৬:২৪ pm
livestock dairy Farm Agriculture milk food animals animal Livestock buffalo cheese butter cow cows ফার্ম খামারী খামারি গরু খাবার খামার পশুপালক পশু গাভী পালন প্রাণিসম্পদ dairy ডেইরি
file pic

পিএসসির প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া গাড়িচালক সৈয়দ আবেদ আলী নিজ এলাকায় সরকারি জমি দখল করে ডেইরি ফার্ম নির্মাণ করছিলেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বললেও তা শোনেননি তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজার-সংলগ্ন এলাকায় গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী ব্যবসায়ী পরিচয় দিয়ে কয়েক বছর আগে এলাকায় এসে মসজিদ নির্মাণসহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান শুরু করেন। এসব কাজ করে তিনি বেশ পরিচিতি অর্জন করেন। এরপর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে একটি ডেইরি ফার্ম করতে ডাসার ইউনিয়নের কমলাপুর বাজার-সংলগ্ন বড় ব্রিজের কাছে সরকারি খাল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করেন। ওই জমিতে শতাধিক গরু পালন করা যায় এমন একটি স্থাপনা নির্মাণ শুরু করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি টের পেলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির ওপর নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বললেও আবেদ আলী তা সরিয়ে নেননি। বর্তমানে নির্মাণাধীন ওই স্থাপনাগুলো পতিত অবস্থায় রয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান বলেন, আবেদ আলী মাদারীপুরে তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও কমলাপুর বাজার-সংলগ্ন একটি সরকারি জমিতে ডেইরি ফার্ম নির্মাণ করতে চেয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ওই ডেইরি ফার্মের কাজ বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, আমরা খবর পাই আবেদ আলী নামে একজন সরকারি জমিতে গরুর খামার এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন। তাৎক্ষণিকভাবে আমরা নির্মাণ কাজ বন্ধ করে দিই। আবেদ আলীকে আমরা জানিয়েছি তিনি যেন তার এই অবৈধ প্রতিষ্ঠান সরিয়ে নেন। তিনি সরিয়ে না নিলে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, তারা সরিয়ে নেবেন।

প্রসঙ্গত, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (৮ জুলাই) পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন। তাদের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। ঢাকা পোস্ট




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD