দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোর ক্যাম্পাসে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওইসব এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের অনেক স্থানে দিনভর সংঘর্ষ হয়। এত বহু হতাহতের ঘটনা ঘটে। অনেক ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা থেকে ইন্টার সেবা বন্ধ করা হয়েছে।
একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সন্ধ্যার পর থেকে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। অনেকে কলও করতে পারছেন না।
সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ফোর-জির মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা দেওয়া হয়। তা বন্ধ করে টু-জিতে নামিয়ে আনলে শুধু কথা বলা যায়, ইন্টারনেট ব্যবহার করা যায় না।
এর আগে গত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।