রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন




অবসরের আবেদনে অতিরিক্ত ডিআইজি

‘১০ বছর আ’লীগ সরকারের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৪:২৮ pm
police রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান
file pic

স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান। অবসরের আবেদনে তিনি লিখেছেন, ‘বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই।’

মো. মনিরুজ্জামান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের খুলনা-বরিশাল বিভাগে কর্মরত। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে তিনি চাকরি থেকে অবসরের আবেদন করেন। ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টার্সের রিসিভ অ্যান্ড ডেসপাচ শাখা আবেদনপত্রটি গ্রহণ করেছে।

অতিরিক্ত ডিআইজি লিখেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর আগের কয়েক দিন ও বিগত ১০ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে। এই আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানসে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু-কিশোরসহ বহু মানুষকে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে।

স্বেচ্ছায় অবসরের আবেদনে পুলিশ কর্মকর্তা লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয়। এ কারণে ১১ আগস্ট আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম।’

আবেদনের শেষে মো. মনিরুজ্জামান লিখেছেন, ‘বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই। আমি চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম। অতএব আমার এ পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি কামনা করছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD