রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন




বিশ্ব ক্রিকেটে প্রভাব আরও বাড়লো ভারতের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ১১:০৭ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কে বলা হয় ক্রিকেটের সবচেয়ে সক্রিয় ক্লাব। আইসিসি প্রতিষ্ঠিত হওয়ার আগে এমসিসিই ক্রিকেটের নিয়ন্ত্রণ করত। এখনও ক্রিকেটের বিভিন্ন নিয়ম বা আইন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে এই ক্লাব। এবার সেই ক্লাবের অ্যাডভাইজরি বোর্ডের অংশ হয়েছেন ভারতের সাবেক বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলী ও বর্তমান বোর্ডের সচিব ও আইসিসি প্রধান জয় শাহ। তাতে বিশ্ব ক্রিকেটে প্রভাব আরও বাড়তে যাচ্ছে ভারতের।

পুরনো এমসিসির ‘ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি’ ভেঙে নতুন করে ১৩ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। যেখানে এই পরামর্শক কমিটির প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এমসিসির সাবেক চেয়ারম্যান ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

২০০৬ সালে এমসিসির ক্রিকেট কমিটির যাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কমিটি। ক্রিকেটের নানা আইন ও নীতি ঠিক করে এই কমিটি। সেই সঙ্গে নতুন নিয়মও সুপারিশ করা হয় এখান থেকে। পরবর্তীতে যা আইসিসিতে গৃহীত হয়।

এই কমিটির কল্যাণেই ডিআরএস, গোলাপি বলে দিবারাত্রির টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ অনেক পরিবর্তন এসেছে ক্রিকেটে। এই কমিটিতে মূলত জায়গা দেওয়া হয় সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও ক্রিকেট ব্যক্তিত্বদের। এই কমিটিতে ২০১৭ সালে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

নতুন এ কমিটির ব্যাপারে এমসিসির চেয়ারম্যান মার্ক নিকোলাস বলেন, ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড গঠনের পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রিকেট বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই খেলাটির সঙ্গে প্রাসঙ্গিক সেরা মস্তিষ্কগুলোকে আমরা একত্র করতে পেরেছি। অভিজ্ঞ এই দলের সঙ্গে কাজ করার সম্ভাবনায় আমি উচ্ছ্বসিত এবং এটা ভেবে রোমাঞ্চিত যে, খেলাটির বৈশ্বিক উপকারের জন্য আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীন এই গ্রুপটি ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামের আলোচ্যসূচি সাজিয়ে দেবে, এই অনুষ্ঠানের আলোচনাগুলোকে সহজতর করবে এবং এই প্রক্রিয়ায় ক্রিকেটের ভালোর জন্য সত্যিকারের প্রভাব রাখার সর্বোচ্চ সুযোগ তৈরি করে দেবে।’

 

ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড:

কুমার সাঙ্গাকারা (চেয়ারম্যান, সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক)

আনুরাগ দাহিয়া (আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা)

ক্রিস দেরিং (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী)

সৌরভ গাঙ্গুলী (সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান)

সানযোগ গুপ্তা (জিওস্টার স্পোর্টসের প্রধান নির্বাহী)

মেল জোন্স (সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার)

হিদার নাইট (ইংল্যান্ড নারী দলের বর্তমান অধিনায়ক)

ট্রুডি লিন্ডব্লেড (ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী)

হিথ মিলস (ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান)

ইমতিয়াজ প্যাটেল (সুপারস্পোর্টের সাবেক চেয়ারম্যান)

জয় শাহ (আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সাবেক সচিব)

গ্রায়েম স্মিথ (সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও এসএ টোয়েন্টির কমিশনার)

অ্যান্ড্রু স্ট্রাউস (সাবেক ইংল্যান্ড অধিনায়ক)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD