শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন




দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১১:৪৫ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের বিষয়টি স্থান পাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নিজের কৃতিত্ব তুলে ধরতে পারেন তিনি।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে অভিষেক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। এরপর তার নেওয়া একের পর এক সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়ে দেশে ও দেশের বাইরে।

ট্রাম্প এর আগে নিজের প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সবশেষ কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পরই কোভিড-১৯ মহামারি গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছিল।

ট্রাম্পের ভাষণের আগে ক্যাপিটল এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসনের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) চালানোর দায়িত্বে থাকা ধনকুবের ইলন মাস্ক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। কারও কারও হাতে দেখা যায় ইউক্রেনের পতাকা।

কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের দেওয়া ভাষণে অতিথি নেওয়ার রেওয়াজ আছে। ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকরিচ্যুত ফেডারেল কর্মীরা থাকছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব দেবেন এবং যুক্তি খণ্ডাবেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর এলিসা স্লটকিন।

এদিকে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা হলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তিরস্কারের হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। ‘হাউস ফ্রিডম ককাস’ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির কট্টর ডানপন্থি আইনপ্রণেতারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই হুঁশিয়ারি দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD