অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদের খারাপ পারফরম্যান্সে তাদেরকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। ক’দিন আগে চলতি বছরের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়।
যেখানে বরাবরের মতো ছিলেন মুশফিক, রিয়াদরা। তবে মুশফিক নিজেকে ওয়ানডে ফরম্যাট থেকে সরিয়ে নেন। এখন শুধু টেস্ট ফরম্যাটেই খেলবেন এ উইকেটরক্ষক ব্যাটার। তবে মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি, টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন আগেই। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। আর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলে। আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
৩৯ বছর বয়সী এ ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, ‘সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি তার সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’
পরিবারের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন, ‘একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।’ নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।’
অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তিৃ আলহামদুলিল্লাহ।’ তিনি তার জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।’
২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেন ওয়ানডেতে। গত ২৪শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে সাইলেন্ট কিলার খ্যাত এ ব্যাটার খেলেছেন মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ। আর এ পর্যন্ত ২৩৯ ওয়ানডেতে মাহমুদউল্লাহর রানসংখ্যা ৫৬৮৯।