বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের চিকিৎসার সুবিধার্তে চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ এসব তথ্য জানানো হয়েছে।
চীন বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে। তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমবে, এতে আরও বেশি বাংলাদেশি চীনে স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারবেন।
এ বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লোর রয়েছে। সেখানে চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত, যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন।
জানা গেছে, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা চালু করবে। এপ্রিল মাসে কুনমিংয়ে বাংলাদেশ সাংবাদিকদের একটি বড় দল পাঠাবে সেখানকার চিকিৎসা সুবিধাগুলি পরিদর্শন করা জন্য।
উল্লেখ্য, গত মাসে কয়েক ডজন বাংলাদেশি প্রথমবারের মতো চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করলেও ভ্রমণখরচ নিয়ে অভিযোগ করেছেন।