শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন




ফিফার ছাড়পত্র পাওয়া সমিতের অভিষেক ম্যাচ নিয়ে যা জানালো বাফুফে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ ১:৫৪ am
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা
file pic

কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম এখন থেকে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন। ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। মঙ্গলবার (৬ মে) এই অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিশ্চিত করেছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সমিত সোমকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সমিতের পাসপোর্ট হাতে পেয়েই ফিফায় আবেদন করি। আজ ফিফা থেকে জানানো হয়েছে, তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। সব ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। আশা করি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সে মাঠে নামবে।

২৭ বছর বয়সী সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা-মা দুজনই বাংলাদেশি। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে এরপর আর জাতীয় দলে জায়গা না হলেও ক্লাব পর্যায়ে তিনি নিয়মিত খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে।

জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের আগ্রহ বাড়ছে। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর এই ধারা আরও জোরদার হয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড় হিসেবে জাতীয় দলে যোগ দেন জামাল ভূঁইয়া, যার অভিষেক হয় ২০১৩ সালে।

সমিত সোমের অভিষেক লাল-সবুজ জার্সির জন্য আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD