শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন




স্বেচ্ছায় দেশে ফিরতে বিনামূল্যে বিমান টিকেটের প্রস্তাব ট্রাম্পের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ ১১:২৫ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে অবৈধ অভিবাসীদের বিনামূল্যে বিমানের টিকেট দেবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার তিনি এ ঘোষণা দেন। এ সংক্রান্ত তিনি একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন।

‘সেল্ফ ডিপোর্টেশন’ বা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার একটি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এর লক্ষ্য হলো, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আরও বেশি প্রণোদনা দেওয়া।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমরা অবৈধ অভিবাসীদের জন্য আমেরিকা ছেড়ে যাওয়াকে যতটা সম্ভব সহজ করে দিচ্ছি। কোনো অবৈধ অভিবাসী যদি সরাসরি কোনো বিমানবন্দরে যায়, তাহলে সে একটি বিনামূল্যে বিমানের টিকেট পেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘অবৈধ অভিবাসীরা যে কোনো দেশে বিনামূল্যের ফ্লাইট বুক করতে পারবে, শুধু যুক্তরাষ্ট্র ছাড়া।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘কেউ যদি না যায়, তাহলে তাকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। যারা থেকে যাবে, তাদের জন্য বড়সড় শাস্তি অপেক্ষা করছে—যার মধ্যে রয়েছে দীর্ঘ কারাদণ্ড, বিশাল অঙ্কের অর্থদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্ত করা।’

সেল্ফ ডিপোর্টেশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্রস্থান বোনাস যোগ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এতে করে অবৈধ অভিবাসীরা নিজেরাই চলে যেতে উৎসাহিত হবে। এতে আমেরিকান করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় হবে।’

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি নির্বাচনি প্রচার ও এখন অফিসে থেকেই বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে তিনি বহিষ্কার করবেন। তার প্রশাসন দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে এক লাখ ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD