বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন




পাকিস্তান সফরে যেতে ক্রিকেটারদের চাপ দেবে না বিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১০:৪৯ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

সরকারের কাছ থেকে মৌখিকভাবে সবুজ সংকেত মিলে গেছে। পাকিস্তান সফরে এখন আর কোনো বাধা নেই। তবে দেশটিতে সফর করা নিয়ে ক্রিকেটারদের মধ্যে একটা প্রচ্ছন্ন ভয় কাজ করছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরে যেতে কারো ওপর কোনো প্রকার চাপ প্রয়োগ করবে না বোর্ড।

ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। যদি কেউ না যেতে চান, তাকে জোর করবে না বোর্ড। ক্রিকেটারদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। কাল বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন বিষয়টি।

সরকারের সবুজ সংকেতের বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের সবুজ সংকেত পেয়েছি। তবে এখনো চিঠি পাইনি। অপেক্ষায় আছি। প্রথম ধাপ পার করেছি।’

এরপরই উঠে এল ক্রিকেটারদের সঙ্গে আলোচনার বিষয়টি। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা বাকি রয়েছে। নিরাপত্তার ব্যাপার। এজন্য কোনো ক্রিকেটারকে আমরা জোর করব না। ক্রিকেটারদের নিজস্ব ভাবনা থাকতেই পারে। পাকিস্তানে খেলা না খেলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পাবে তারা।’

বুধবার সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। সেখানেই আলোচনা করবেন বিসিবির প্রতিনিধিরা। আরব আমিরাতে গেছেন ১৬ জন ক্রিকেটার। তাদের মধ্যে যদি দশজন পাকিস্তানে যেতে চান এবং বাকিরা রাজি না থাকেন, তখন কী হবে? এমন প্রশ্নের জবাবে ইফতেখার বলেন, ‘আমাদের ক্রিকেটার কিন্তু ২৫-৩০ জন। বেশিরভাগ যেতে রাজি থাকলে, তখন বাকি যারা আছে তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। নিরাপত্তার ব্যাপারটি স্পর্শকাতর। ক্রিকেটাররা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা তাদের ওপর কিছু চাপিয়ে দেব না কিংবা বাধ্য করব না।’

এদিকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে কয়েকজন ক্রিকেটার জানিয়েছিলেন তারা পাকিস্তানে এই মুহূর্তে যেতে ভয় পাচ্ছেন। বিশেষ করে রিশাদ হোসেন ও নাহিদ রানার কাছ থেকে শুনে এ নিয়ে ভাবছেন ক্রিকেটাররা। তবে এ বিষয়টি খুব বেশি উদ্বেগের নয়। বিসিবির ওপর ক্রিকেটারদের পূর্ণ আস্থা আছে বলেই জানা গেছে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD