শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন




উড্ডয়নের পরই জরুরি অবতরণ: কী ঘটেছিল তার্কিশ এয়ারলাইন্সের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১:৩৫ pm
India Tourism Delhi Airport Express Line দিল্লি বিমানবন্দর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইন্ডিয়া ভারত
file pic

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। এতে রক্ষা পান প্লেনের ২৯১ আরোহী।

জানা যায়, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় পাইলট আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সতর্কতামূলকভাবে দক্ষতার সঙ্গে সকাল ৮টা ০১ মিনিটে জরুরি অবতরণ করেন।

প্লেনটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ বিষয়ে বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের ঘটনা ঘটতে পারে।

ফ্লাইটটিতে ১৯ জন ছিলেন বিজনেস শ্রেণির যাত্রী, ২৫৬ জন ছিলেন ইকোনমিক শ্রেণির যাত্রী, শিশু ছিল পাঁচজন। আর ১১ জন ছিলেন ক্রু। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হয়। ফ্লাইটে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD