শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন




আশা জাগিয়েও হেরে গেল শমিত-হামজারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৯:১৫ pm
হামজা Hamza বাফুফে Football Bangladesh
file pic

ঘরের মাঠে ফিরে ফুটবলের নতুন যুগ শুরুর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলামের মতো তারকা ফুটবলারের আগমনে সমর্থকদের মধ্যে যেমন ছিলো আগ্রহ, তেমনি ছিলো বিশাল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার পর্দা ভেদ করে ঢুকে এলো হতাশার ছায়া। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্ত এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেন এক গোল করে ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি।

জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমের। মাঠে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং ইতালির লিগে খেলা ফাহামেদুল ইসলামও। তাদের নিয়ে গড়া নতুন বাংলাদেশের প্রতি সমর্থকদের আগ্রহ ছিলো আকাশচুম্বী। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরে ফুটবলের প্রতি এমন উন্মাদনা বহুদিন পর দেখা গেছে।

প্রথমার্ধে বাংলাদেশ আক্রমণে বেশ কয়েকবার সিঙ্গাপুর রক্ষণভাগে ধাক্কা দিলেও গোলের দেখা পায়নি। বিশেষ করে সমিত সোমের পাস ও বল কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা কাজে আসেনি। প্রথম ২০ মিনিটে ফাহামেদুল-শাকিলরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন রাকিব।

ম্যাচের ৪৫তম মিনিটে ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুরের সং উই ইয়াং গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইখসান ফান্দি। বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা প্রথম শট ঠেকালেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠিয়ে দেন সিঙ্গাপুরের ফরোয়ার্ড।

গ্যালারিতে জমে থাকা নিরবতা ভাঙে ম্যাচের ৬৭ মিনিটে। ইংল্যান্ড-প্রবাসী হামজার দারুণ এক পাস থেকে রাকিব হোসেন সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে তারকাদের আগমন একটি নতুন দিগন্তের ইঙ্গিত দিলেও এখনই ফলাফলের প্রত্যাশা হয়তো বাস্তবসম্মত নয়। তবে দর্শকদের বিপুল আগ্রহ এবং মাঠে খেলোয়াড়দের নিবেদন ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD