শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন




ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৪:৫৭ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

সবশেষ ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ‎‎যেখানে অপেক্ষাকৃত শক্তিশালী জর্ডানের বিপক্ষে ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল আফঈদা খন্দকারের দল। সেই ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে এবার র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

বৃহস্পতিবার (১২ জুন) ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১২৮ নম্বরে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫। এর আগে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩ নম্বরে।

জর্ডানের আম্মানে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ৩১ মে প্রথম ম্যাচে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করার পর ৩ জুন ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গেও ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের দল। র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো করাতেই বলার মতো এগিয়েছে বাংলাদেশ।

‎ছয় বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। ২০১৯ সালের মার্চে ১২৭ নম্বরে থাকা বাংলাদেশ ২০২২ সালে নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৪৭ নম্বরে। দেশের নারী ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক ১০০ নম্বরে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়ার মেয়েরা এক ধাপ পিছিয়ে নেমেছে ৯৫ নম্বরে। জর্ডানও পিছিয়েছে এক ধাপ, নেমেছে ৭৫-এ। যথারীতি র‍্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বরে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল। আর আর্জেন্টিনার মেয়েরা ৩২ নম্বরে।

উল্লেখ্য, র‍্যাঙ্কিংয়ে সুখবর পাওয়া বাংলাদেশের চোখ এশিয়ান কাপ বাছাইয়ে। ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সব ম্যাচ হবে মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে। বাছাই শেষে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে মূল পর্বের টিকিট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD