শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন




চমক রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৪:২৩ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে মঙ্গলবার (২৪ জুন) রাতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগেই বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড, যেখানে রাখা হয়েছে কিছু চমক।

ঘোষিত দলে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

কোচ পিটার বাটলার জানিয়েছেন, রক্ষণভাগকে আরও শক্তিশালী করতেই মাঝমাঠ থেকে একজন কমিয়ে দলে আনা হয়েছে ডিফেন্ডার নিলুফাকে। গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও খেলার সুযোগ পাননি এই ডিফেন্ডার। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

মিলি আক্তার সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফেব্রুয়ারির প্রীতি ম্যাচে। এরপর জর্ডান সফরে ছিলেন না। অন্যদিকে, স্বর্ণা রানী ২০২২ সালের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। দুজনই পুরোনো অভিজ্ঞতায় আবারও দলে জায়গা করে নিয়েছেন।

জর্ডানে অনুষ্ঠিত সর্বশেষ ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াড থেকে ২০ জনকে রেখে বাছাইয়ের দল গঠন করা হয়েছে। নতুন তিনজন যোগ হওয়ায় বাদ পড়েছেন তিনজন।

এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম আসর বসবে আগামী বছরের মার্চে, অস্ট্রেলিয়ায়। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল দিয়ে।

‎২৩ জুন বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশের ম্যাচ ২৯ জুন থেকে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ২ জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর ৫ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডিফেন্ডার
‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন।

মিডফিল্ডার
মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার।

ফরোয়ার্ড
ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD