সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন




দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৪:২৭ pm
Google LLC American multinational technology company search engine technology online advertising cloud computing computer software alphabet android google অ্যান্ড্রয়েড গুগল গুগল মূল সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি গুগল সার্চ ইঞ্জিন অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং প্রোগ্রাম alphabet android google অ্যান্ড্রয়েড গুগল
file pic

বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট। এই সেবা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে গুগল পে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’ চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয়। এতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে।’

বিদেশি ব্যসায়ীরা দেশে আসলে টাকা পাচার করবেনা বরং দেশের উপকার হবে জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে, তবে এরই মধ্যে তা সম্ভব হচ্ছে। দেশে গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম—এমন পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে ও ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন। ‘গুগল পে’তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি; এটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা—সব লেনদেন মুঠোফোনে হবে।

মাসরুর আরেফিন বলেন, ‘প্রকৃত অর্থেই ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে-এমন দেশের তালিকায় যুক্ত হলাম আমরা। এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল; আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে ৷

সিটি ব্যাংকের এমডি আরও বলেন, ‘আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। আর্থিক খাত শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাঁচ ব্যাংক একীভূত করে শক্তিশালী ব্যাংক গঠন করা হচ্ছে।’

সিটি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, গুগল ওয়ালেটের সূচনার মধ্য দিয়ে সিটি ব্যাংক আবারও প্রমাণ করলো তারা দেশের ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত, যারা নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের আর্থিক সেবা নিশ্চিত করে আসছে।

কাদের জন্য এই সুবিধা: প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজেদের কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, গ্রাহকরা যেকোনো দোকান, রেস্তোরাঁ বা শপিং মলে ফোন ট্যাপ করেই পেমেন্ট করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, গুগল পে’র এই পদক্ষেপ শুধু আর্থিক লেনদেনকেই সহজ করবে না, বরং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলোকেও এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নিরাপদ লেনদেনের নতুন এই যাত্রা সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরও আরাম ও নিরাপত্তা আনবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD