শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন




এশিয়ান কাপে বাংলাদেশসহ আরো যারা খেলবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৬:৪১ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১২ দলের মধ্যে ১১ দলের নাম এরমধ্যে চূড়ান্ত হয়েছে। সাউথ এশিয়া থেকে বাংলাদেশের মতো চুড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ভারত।

বাছাইপর্বে দাপুটে ফুটবল খেললেও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ১১ দলের প্রত্যেকটির অবস্থান বাংলাদেশের ওপরে। এমনকি এখন পর্যন্ত সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই আছে, যারা র‍্যাঙ্কিংয়ে এক শর বাইরে। ২০২৬ সালের এশিয়ান কাপে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ৭০ নম্বরে। এ নিয়ে ১০ম বারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মেয়েরা। গ্রুপ ‘ডি’–তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য। গ্রুপ ‘এফ’–এ উজবেকিস্তান অবশ্য বেশ নাটকীয়ভাবে এশিয়ান কাপের টিকিট পেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর নেপাল ও উজবেকিস্তানের পয়েন্ট, গোলব্যবধান এবং গোল করার সংখ্যা ছিল সমান। নিয়ম অনুযায়ী সমান–সমান থাকা দুটি দল যদি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়, তবে ফল নির্ধারণ হবে টাইব্রেকারে।

আর সেখানেই বাজিমাত করেছে উজবেকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ৩–৩ ব্যবধানে ড্র থাকার পর নেপালকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ৫১তম র‍্যাঙ্কিংধারী উজবেকিস্তান। আর সর্বশেষ গ্রুপ ‘এইচ’ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া।

এই ১১ দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল। গ্রুপ ‘এ’তে থাকা সেই দলগুলোর খেলা এখনো মাঠে গড়ায়নি। আগামীকাল ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপ পর্বের লড়াই, শেষ হবে ১৯ জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্দান ও লেবানন।

এশিয়ান কাপ দিয়ে সুযোগ থাকছে বিশ্বকাপে খেলারও। বিশ্বকাপে খেলতে হলে এশিয়ান কাপের সেমিফাইনালে উঠতে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ‘প্লে–ইন’ জিততে হবে। আর কোয়ার্টার ফাইনালে জায়গা করলেই খেলা যাবে অলিম্পিক বাছাইয়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD