আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার কথা ছিল। আইসিসির সূচির অংশ এই সিরিজ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কথা বলে আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমঝোতায় পৌঁছেছে যে আসন্ন আগস্টের সিরিজটি আগামী বছরের সেপ্টেম্বরে খেলবে।
বাংলাদেশে না আসায় আগস্টে একটি ফাঁকা সূচি পাচ্ছে ভারত। একই সময় ফাঁকা সূচি আছে শ্রীলঙ্কার। যে কারণে দুই বোর্ড আগস্টের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ভাবছে। সংবাদ মাধ্যম নিউজওয়ার সূত্রের বরাত দিয়ে এই দাবি করেছে।
আগস্টে সূচি ফাঁকা ছিল না শ্রীলঙ্কারও। ওই সময় তাদের লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল। কিন্তু ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। জানা গেছে, মালিকানা নিয়ে বিরোধ তৈরি হওয়ায় স্থগিত হয়েছে এই টুর্নামেন্ট। ওই সময়টা ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ খেলে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক টেস্ট ও টি-২০ থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে ওয়ানডে খেলবেন তারা দু’জন। আগস্টে ভারত ও শ্রীলঙ্কা সিরিজ হলে ভক্তরা বিরাট-রোহিতকে মাঠে দেখতে পাবেন।