বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন




শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ৫:২৮ pm
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর শুরুটা দুর্দান্ত করল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল স্বপ্না–সাগরিকারারা।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। একটি করে গোলের দেখা পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

শুরুর বাঁশি বাজার এক মিনিটের মধ্যেই স্বপ্না রানীর ফ্রি-কিকে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান দাঁড়ায় ২-০। ৩৭ মিনিটে ডান দিক থেকে সিনহা জাহানের বাড়ানো ক্রসে আলতো শটে সাগরিকা করেন দলের তৃতীয় গোল। প্রথমার্ধে আরও দুটি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতি থেকে ফিরে গতি আরও বাড়ায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্ট থেকে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রস ধরে বল জালে পাঠান সিনহা। ৫২ মিনিটে বক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাগরিকা। এরপর ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডি আরও দুটি গোল করে ব্যবধান ৯-১ করে ফেলেন। একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের শেষদিকে শ্রীলঙ্কার লাইয়ানশিকার পা থেকে।

প্রথমে পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় চার দেশকে (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান) নিয়ে শুরু হয়েছে এবারের আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই, নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচ ২১ জুলাই, প্রতিপক্ষ নেপাল।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। মোট পাঁচবারের আয়োজনে চারবারই শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD